


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের বাসুদেবপুর থানার অন্তর্গত কাউগাছি এলাকার কয়রাপুরে এক মহিলার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। শুক্রবার সকালে চাষের জমিতে ওই মহিলার মৃতদেহ পাওয়া যায়। তাঁর ব্যাগে একটি আধার কার্ড পাওয়া যায়। তা দেখেই চিহ্নিত করা হয় দেহটি। মৃতার নাম প্রীতিলতা দাস। বাড়ি উত্তর দিনাজপুরে। তাঁর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। উত্তর দিনাজপুরের বাসিন্দা ওই মহিলা বারাকপুরের বাসুদেবপুরে কীভাবে এলেন, কেনই বা গলায় ফাঁসের দাগ, এইসব প্রশ্নকে ঘিরেই রহস্য ঘনীভূত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিস।
এদিন সকালে স্থানীয় চাষিরা মাঠে চাষ করতে ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমতিয়াজকে খবর দেন তাঁরা। খবর যায় বাসুদেবপুর থানায়। পুলিসের কর্তরা এসে দেখেন, ঝোপের মধ্যে শাড়ি পরিহিতা এক মহিলা নিথর অবস্থায় পড়ে রয়েছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পুলিস জানিয়েছে, মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাঁর ব্যাগে আধার কার্ড পাওয়া গিয়েছে। আধার কার্ডের ঠিকানা অনুযায়ী, তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে বিষয়টি পরিষ্কার হবে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
ওই মহিলা উত্তর দিনাজপুর থেকে এখানে কি কাজের জন্য এসেছিলেন? তাঁকে কে নিয়ে এসেছিলেন? কারও সঙ্গে কি বিবাদ হয়েছিল? এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা। কয়রাপুর এলাকায় তাঁর পরিচিত কেউ রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিস।