


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লিখিতভাবে চাইলে বিধবা ভাতার বদলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে। মহিলা, শিশু ও সমাজকল্যাণ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ও লিখিত আবেদনের প্রোফর্মা প্রকাশ করেছে। বিধবা ভাতা মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। সেখানে অন্নপূর্ণা যোজনা থেকে পাওয়া যায় মাসে ৩ হাজার টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে বিধবা ভাতার বদলে অন্নপূর্ণার সুযোগগ্রহণের বিষয়ে ঘোষণা করেন। তারপর দপ্তর থেকেও তা ঘোষণা করা হল আনুষ্ঠানিক। ২৫-৬০ বছর বয়সি মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পান। বিধবা ভাতার ক্ষেত্রে অবশ্য বয়সের এরকম মাপকাঠি নেই।
দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সমর্থ’ পোর্টালে যেসব বিধবা ভাতাপ্রাপক অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত তাঁদের তালিকা আছে। তাঁদের কাছ থেকে নির্দিষ্ট প্রোফর্মায় অপশন নিয়ে জানাতে হবে তাঁরা কোনটি চাইছেন। এই প্রক্রিয়া ২৮ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিশেষভাবে সক্ষমদের জন্য যে দেড় হাজার টাকা ভাতা দেওয়া হয়, তার প্রাপকদের মধ্যে যাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায় আছেন তাঁরা সবাই দুটি সুবিধাই পাবেন। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে।