


সংবাদদাতা, ময়নাগুড়ি: তন্ত্রসাধনায় মিলবে সন্তান। এই আশায় প্রতারণার পাল্লায় পড়লেন ময়নাগুড়ির একাধিক গৃহবধূ। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। এই ঘটনায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার সরস্বতী রায়। জানা গিয়েছে অভিযুক্ত সরস্বতী তন্ত্রসাধনা করতেন তাঁর বাড়িতে। দীর্ঘদিন ধরে যাদের সন্তান হয় না তাঁদের সন্তান হওয়ার প্রতিশ্রুতিও দেন অভিযুক্ত। আর তাঁর পাল্লায় পড়ে যান একাধিক গৃহবধূ। জানা গিয়েছে, তিনি বিভিন্ন ধরনের জড়িবুটি গৃহবধূদের দিতেন। তাতে অদ্ভূতভাবেই পেট ফুলে যেত গৃহবধূদের। এমনকি ঋতুচক্রও বন্ধ হয়ে যেত।
এমনই ঘটনা ঘটে ওই এলাকার এক গৃহবধুর সঙ্গে। তাঁকে পেট ফোলা অবস্থায় নিয়ে যাওয়া হয় আল্ট্রাসোনোগ্রাফি করতে। কিন্তু চিকিৎসক জানিয়ে দেন তাঁর পেটে কোনও সন্তান নেই। এরপরই শুরু হয় ঝামেলা। ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তীতে অভিযুক্তর বিরুদ্ধে আরো মহিলারা সরব হন। তাঁরাও আসেন ময়নাগুড়ি থানায়। অন্যদিকে সেই অভিযুক্ত বলেন, আমি স্বপ্নে এই সাধনা পেয়েছি। আমি কোলে সন্তান তুলে দিতে পারি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।