


নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সরকারি পরিষেবা মানুষের দরবারের পৌঁছে দেওয়ার ‘সেবা সেতু অভিযান’এর প্রথমদিন শুক্রবার, কলকাতা লাগোয়া জেলাগুলির বিভিন্ন শিবিরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটল। এই অভিযানে কোন ৬০টি পরিষেবা সংক্রান্ত আবেদন জমা করা যাবে, তার বিবরণ আগেই জানিয়েছিল নবান্ন। সেই তালিকায় ছিল না অন্নপূর্ণা যোজনা। যোজনা আগ্রহী উপভোক্তাদের যাচাই পর্ব শেষ না হওয়ায়, এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে এদিন যে সমস্ত শিবিরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার সব ক’টিই অন্নপূর্ণার আবেদন করেও বঞ্চিত হয়ে থাকাকে কেন্দ্র করে। যোজনা বঞ্চিত মহিলারা কোথাও শিবির ভাঙচুর, কোথাও পথ অবরোধ আবার কোথাও প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত সরকারি ব্যানারে আগুন ধরিয়ে দিয়েছে। উত্তর ২৪ পরগনার রাজারহাট বিডিও অফিসে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিক্ষোভ চলাকালীন ভাঙচুরের অভিযোগে এক মহিলা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারুইপুরের বেগমপুর ও বেলেগাছিতে মহিলা বিক্ষোভের জেরে সেবা সেতু’র শিবির বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে হয়। সেবা সেতু অভিযানের প্রথমদিনের এহেন ‘তিক্ত’ অভিজ্ঞতার জেরে নবান্নের সিদ্ধান্ত, আজ, শনিবার ও কাল, রবিবার অভিযানের বাকি দু’দিনে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ জমা দেওয়া যাবে শিবিরে।
এদিন মধ্যমগ্রামের শ্রীনগরের শিবিরে ভোর চারটে থেকে লাইন দিয়েছিলেন বহু মানুষ। অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারতের আবেদন জমা নেওয়া হবে না জানার পর বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা শিবিরের চেয়ার-টেবিল উলটে দেয়। বিক্ষোভের জেরে কয়েকঘণ্টা কাজ বন্ধ হয়ে যায়। অন্নপূর্ণা যোজনা বঞ্চিতরা বারাসতের টাকি রোড অবরোধ করেন। বারসত পুরসভার এক্সিকিউটিভ অফিসার রাজা ভৌমিককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বারাসত-১ বিডিও অফিসে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানারে আগুন ধরিয়ে দেয়। অন্নপূর্ণা যোজনার ফর্ম এই শিবির থেকে কেন মিলবে না, কেন আগাম তা প্রচার করা হয়নি—এই ইস্যুকে সামনে রেখে হাওড়ার উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরে তুমুল বিক্ষোভ ও ভাঙচুর চালান মহিলারা। যদিও প্রশাসনের বক্তব্য, যোজনা সংক্রান্ত মহিলাদের ক্লেম জমা নেওয়া হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ বিডিও দপ্তর এবং ডায়মন্ডহারবারের মশাটে শিবিরের চেয়ার ভেঙে গুঁড়িয়ে দেন মহিলারা। ভাঙড়ের কারবালা হাইস্কুলের শিবিরে শ্লথ গতিতে কাজ চলছে, এই অভিযোগে বিক্ষোভ শুরু হয়। জোর করে স্কুলে ঢুকতে চাইলে মহিলাদের পুলিশ বাধা দেয়। মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। বাটানগর প্রাথমিক বিদ্যালয় ও মহেশতলার রামপুরের শিবিরে চূড়ান্ত বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়। জয়নগর ধোসা হাইস্কুলের শিবিরেও বিক্ষোভ চলে। হুগলির বলাগড়, শ্রীরামপুর ও বৈদ্যবাটিতে অন্নপূর্ণা যোজনা বঞ্চিত মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত কোনো সুবিধা মিলবে না, এই ঘোষণার পর হুগলি পুরসভা এলাকার শিবিরগুলি কার্যত ফাঁকা হয়ে যায়। নিজস্ব চিত্র