


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম বাড়িয়েছে সিলিন্ডার পিছু ৬০ টাকা। সিলিন্ডার পাওয়ার ২৫ দিনের মধ্যে নতুন বুকিংও করা যাবে না। এই মূল্যবৃদ্ধি নিয়ে এসআইআর বিরোধী মঞ্চ থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকেই তিনি গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা ঠিক করে দিলেন। আজ, রবিবার আন্তর্জাতিক নারী দিবসে মহিলারা মিছিল করে ধরনা মঞ্চে আসবেন। তাঁদের উদ্দেশে মমতার বার্তা, ‘আমি সাদা শাড়ি পরব। আপনারা সকলে কালো শাড়ি পরে আসবেন। পারলে গ্যাস ওভেন নিয়ে আসবেন। রান্না করবেন কী করে? কাঁচা আনাজও নিয়ে আসবেন।’
এদিন মঞ্চ থেকে মমতা গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বলেন, ‘গত কাল ৬০ টাকা বাড়িয়েছে। ৩ দিন আগে ৪৯ টাকা বাড়িয়েছে। যার ঘরে গ্যাস নেই, তাকে ২১ দিন অপেক্ষা করতে হবে। তাহলে রান্নাটা আপনি করে দিয়ে যাবেন? হোম ডেলিভারি করে দিয়ে যাবেন? কেরোসিন নেই যে স্টোভ জ্বালাবেন। তাহলে তারা খাবে কী? আমাদের মাথা না আপনার মাথা?’ এরপরই তৃণমূল সুপ্রিমো রবিবারের কর্মসূচি ঘোষণা করেন। বলেন, ‘এসআইআরে অনেক মহিলার নাম কেটেছে। রাজবংশী, সংখ্যালঘুদের নাম কেটেছে। তাই হাঁড়ি, কড়াই, বাটি, খুন্তি, হাতা নিয়ে প্রতিবাদী মিছিল হবে।’ মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন কর্মসূচি পরিচালনার দায়িত্ব দেন তৃণমূলের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। বারবার মনে করিয়ে দেন, ‘এটা কিন্তু বিশৃঙ্খলার জন্য না। প্রতিবাদের ভাষা আপনাকে বেছে নিতে হবে।’ তিনি বিজেপিকে ‘মহিলা বিরোধী দল’ বলে আক্রমণ করেন।