


নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের মুখে ফের উত্তেজনা দেগঙ্গায়। মিছিল থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মহিলাদের দিকে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, এর প্রতিবাদ করায় কয়েকজন মহিলাকে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ। ঘটনায় চার থেকে পাঁচজন মহিলা জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার পশ্চিম চ্যাংদানা গ্রামে। আহতদের তরফে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ওই রাতে দেগঙ্গার বেড়াচাঁপা ১ নম্বর পঞ্চায়েতের পশ্চিম চ্যাংদানা গ্রামের ১৫৫ নম্বর বুথে আইএসএফের একটি প্রচার মিছিল ছিল। সেই মিছিলে উপস্থিত ছিলেন দলের প্রার্থী মফিদুল হক সাহাজি ওরফে মিন্টু। মিছিল দেখবেন বলে মহিলারা বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় মিছিল থেকে কয়েকজন কর্মী বেরিয়ে এসে মহিলাদের উদ্দেশে অশ্লীল ভাষায় মন্তব্য এবং অঙ্গভঙ্গি করতে শুরু করেন। প্রতিবাদে এলাকার কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান তুলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই মিছিলে থাকা কিছু কর্মী মহিলাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। তাতে কয়েকজন মহিলা আহত হন। তাঁদের দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
আহত সারিদা বিবির অভিযোগ, আমরা মিছিল দেখছিলাম। হঠাৎ কয়েকজন যুবক আমাদের খুব কাছে এসে বাজে ভাষায় কথা বলতে শুরু করেন। অশালীন অঙ্গভঙ্গি করেন। প্রতিবাদ করতেই আমাদের ধাক্কা দেওয়া হয়। আরেক মহিলা রাজিদা বিবির কথায়, যাঁরা মায়েদের সম্মান করতে জানেন না, তাঁরা আবার মানুষের কাছে ভোট চাইতে আসেন কীভাবে? এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
স্থানীয় তৃণমূল কর্মী আব্দুল মান্নানের দাবি, ওঁরা আগেই বলেছিলেন, দেগঙ্গাকে ভাঙরের মতো করে দেবেন। এটাই তার শুরুর উদ্যোগ। প্রার্থী নিজে মিছিলে ছিলেন, কিন্তু কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেননি। তবে ওদের সব উদ্যোগই ব্যর্থ হবে। আমরা ইতিমধ্যে থানায় জানিয়েছি। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। দলের নির্বাচনি কনভেনর রোজদুল আকতারির দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূলই মহিলাদের সামনে রেখে মিথ্যা মামলা সাজাচ্ছে।