


নয়াদিল্লি, ৭ অক্টোবর: প্রশাসক হিসেবে ২৫ বছর সম্পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,‘আজ থেকে ২৫ বছর আগে কোনো অ্যাম্বিশনের জন্য নয়, মিশনের জন্য ময়দানে নেমেছিলান, বেঁচেছি।’ এছাড়াও মোদি বলেন,‘যা দায়িত্ব দেওয়া হয়েছে, পালন করেছি। কর্মকে আমি কর্তব্য মনে করি।’ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন,‘দেশবাসীকে মাথা নত করে প্রণাম জানাচ্ছি। গত ২৫ বছরে একাধিক বিধানসভা ও লোকসভা নির্বাচনের সাক্ষী থেকেছি। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যখন প্রথম শপথ নিয়েছিলাম, তখন কল্পনাও করতে পারিনি যে এই দীর্ঘ পথ অতিক্রম করতে পারব। আপনাদের নিঃশর্ত আশীর্বাদই আমার চালিকাশক্তি। সবই আপনাদের আশীর্বাদ।’
প্রশাসক হিসেবে ২৫ বছর দায়িত্বে নরেন্দ্র মোদি। দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী বলেন,‘২০৪৭ সালের মধ্যে আমরা একটি বিকশিত ভারত গড়ে তুলবই। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে ভারত। আত্মনির্ভর ভারতই আমাদের লক্ষ্য।’ এই সংকল্পের পরই ‘উই উইল ডু ইট’ স্লোগানে মুখরিত করে তোলেন তিনি।
সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,‘সমালোচনা যাঁরা করেছেন তাঁদেরকেও ধন্যবাদ। সমালোচনা থেকে অনেক শিক্ষা নিয়েছি। এখনও নিজেকে শিক্ষার্থী মনে করি।’
দলীয় কর্মী এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোদি বলেন,‘কখনও মনে হয়নি আমি একা। সবসময় কর্মীদের পাশে পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে কোথায় পৌঁছেছি, সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশ কোথায় পৌঁছেছে, সেটাই সবচেয়ে বড় কথা। দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা থাকলে সব অসম্ভব সম্ভব হয়। যা কিছু করেছি, এই দেশের মানুষের জন্যই করেছি।’
বক্তব্যের শেষে সভা থেকে তিনি বলেন,‘দেশের জন্য বাঁচতে হবে। আজ থেকে শপথ নিতে হবে, রাষ্ট্র প্রথম।’ এছাড়াও ভারত যতদিন না বিকশিত হচ্ছে ততদিন থামব না, দায়িত্ব থেকে সরব না, বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।