


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জুটমিল চালু রাখার ক্ষেত্রে মালিক পক্ষের যেমন দায়িত্ব আছে, তেমনি শ্রমিকদেরও দায়িত্ব নিতে হবে। সই করে চলে যাব। সবরকম সুবিধা নেব, কাজ করব না, তা হবে না। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, মিল চালু রাখার ক্ষেত্রে মালিক পক্ষের সঙ্গে সঙ্গে শ্রমিকদেরও দায়িত্ব নিতে হবে। বেতন নেব অথচ কাজ করব না, এই মানসিকতা পরিবর্তন করতে হবে। আবার মালিকপক্ষকে শ্রমিকদের সমস্যার কথা ভাবতে হবে। অনেক জায়গায় ক্যান্টিন নেই। শ্রমিকরা খাবেন কোথায়। মালিক পক্ষকে ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে। সবসময় শ্রমিক, ইউনিয়ন, মালিকপক্ষ একসঙ্গে বসে আলোচনা করে মিল চালাতে হবে। তাহলে মিল ভালো থাকবে। আমি ইউনিয়ন করার বিরুদ্ধে নই। কিন্তু তা যেন কখনও শ্রমিক স্বার্থ বিরোধী বা মিল চালু রাখার বিরুদ্ধে না হয়।
এদিন নৈহাটি জুটমিল খোলার আনন্দে আত্মহারা হয়ে ওঠেন শ্রমিকরা। মিলের গেটে তাঁরা সকালে বাজি ফাটান, আবির খেলেন। মিল খোলায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ ফিরে পেলেন। শ্রমিক পরিবারে খুশির হাওয়া। এই প্রসঙ্গে অর্জুন সিং জানলেন, আমি শ্রমমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর দেখি ১৮টা মিল বন্ধ ছিল। ইতিমধ্যে তিনটে মিল খুলে গিয়েছে। ভারত মিল খোলার ব্যাপারে আলোচনা চলছে। এদিন তিনটে মিলের সমস্যা নিয়ে আলোচনা হয়। আমি সমস্যাটা বুঝি। আশা করছি, ১০ জুলাইয়ের মধ্যে সমস্ত মিল খুলে যাবে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। আসানসোলে স্পঞ্জ আয়রন কারখানা নিয়েও মিটিং হয়েছে।