


এডিনবরা: পরের বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়াতে বসছে ওডিআই বিশ্বকাপের আসর। গত দু’বারের মতো ১০টি নয়, ১৪ দলের এই আসরে থাকছে সুপার সিরিজ রাউন্ড ও সুপার ৭ রাউন্ড। এডিনবরায় বার্ষিক কনফারেন্সের পর বুধবার আইসিসি এই ঘোষণা করেছে। গ্রুপ পর্বের আগে হবে সুপার সিরিজ রাউন্ড। এতে অংশ নেবে ১২, ১৩ ও ১৪ স্থানে থাকা তিন দেশ। সেখান থেকে একটি দল উঠবে গ্রুপ পর্যায়ে। দু’টি গ্রুপে ভাগ করা হবে মোট ১২ দলকে। প্রত্যেক গ্রুপের সেরা ৩ দল উঠবে সুপার ৭-এ। উভয় গ্রুপের মধ্যে থেকে আরও একটি দল এই পর্বে সুযোগ পাবে ‘বেস্ট ফোর্থ ফিনিশার’ হিসাবে।
২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে টি-২০ বিশ্বকাপ। আইসিসি’র এই আসরে সুপার ৮ নয়, সুপার ১০ চালু হতে চলেছে। ২০টা দলকে ভাগ করা হবে পাঁচটি গ্রুপে। প্রতি গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার ১০ পর্যায়ে। সেখানে আবার থাকবে দুটো গ্রুপ। সেরা দুই দল উঠবে সেমি-ফাইনালে। শেষ চারে ওঠার জন্য প্রতি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল এলিমিনেটরে খেলবে উলটো গ্রুপের তিন নম্বরের সঙ্গে।