


নর্দাম্পটন: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে ১৭ রান করে আউট হয়েছিলেন তিনি। রবিবার হতাশ করলেন দ্বিতীয় ইনিংসেও। মাত্র ৫ রান করে ইংল্যান্ড লায়ন্সের জর্জ হিলের শিকার হন যশস্বী। তবে অপর ওপেনার লোকেশ রাহুল ও অভিমন্যু ঈশ্বরণ ক্রিজে আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১১ ওভারে ১ উইকেটে ৪৫।
প্রথম ইনিংসে ভারতের ৩৪৮ রানের জবাবে ৩২৭ রানে গুটিয়ে গিয়েছে ইংল্যান্ড লায়ন্স। তাদের হয়ে সর্বাধিক ৭১ রান করেন এমিলিও লিও। টম হেইন্স ৫৪ ও জর্ডন কক্স ৪৫ রান করেছেন। প্রশংসা করতে হবে ভারতীয় বোলারদেরও। বাঁহাতি পেসার খলিল আহমেদ একাই চার উইকেট নিয়েছেন। এছাড়া অংশুল কম্বোজ ও তুষার দেশপান্ডের শিকার দু’টি করে উইকেট। নীতীশের সংগ্রহ একটি। তবে হতাশ করেছেন শার্দূল ঠাকুর। এই পেস বোলিং অলরাউন্ডার ব্যাট হাতেও রান পাননি।