


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাম বদলের পরে এই প্রথম জনসভা। শুরু হয়েছে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেলাসফর। আজ, শনিবার শ্রীরামপুরে জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক তোপ বিজেপিকে। জনসভা থেকে তিনি বলেন, ‘ভ্যানিশ কুমার নামটা আমিই প্রথমে দিয়েছিলাম।’ মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগেরও দাবি করেন মমতা। বলেন, সারা দেশ ঐক্যবদ্ধ, জোটবদ্ধ।
এছাড়াও এদিনের সভা থেকে তিনি দাবি করেন,‘এসআইআর বাতিল করতে হবে। পুরানো লিস্টে ভোট করাতে হবে।’ জনসভা থেকে দিল্লি দখলের বার্তাও দিলেন মমতা। বলেন, ‘আপনারা বাংলা নিয়েছেন। আমরা দিল্লি নেব।’
দেশজুড়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘মহা কারচুপি’ নিয়ে প্রতিবাদের ঝড়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লি টলমল করছে। পাপ বাপকে ছাড়ে না। আমরা ৩০ সেপ্টেম্বর সম্ভবত বৈঠকে বসছি।’ বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হয়ে লড়াইয়ে বার্তা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই মমতার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির। একই দিনে রাহুল গান্ধীর সঙ্গেও কথা হয়েছে তাঁর। সূত্রের খবর, দ্রুত বৈঠকে বসার পরামর্শ দেন মমতা। তারপরেই আজকের এই জনসভা থেকে তিনি ইন্ডি জোটের বৈঠকের কথা ঘোষণা করলেন। এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনের অভিমুখ কী হয়? এখন সেটাই দেখার।