


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্বনির্ভর গোষ্ঠী গঠনে উৎসাহ দিতে এবার ব্লক ও জেলাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল পঞ্চায়েত দপ্তর। যেখানে যত বেশি মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনা যাবে, সেই অনুযায়ী বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে তারা। দপ্তরের লক্ষ্য, একজন যোগ্য মহিলাও যেন বাদ না যান। তাই গ্রামের প্রতিটি বাড়ি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই প্রথম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করল পঞ্চায়েত দপ্তর। কোনও গ্রাম বা ব্লকের সব মহিলা যখন কোনও না কোনও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে যাবেন, তখন বিডিওকে তা ঘোষণা করতে হবে। এদিকে, পোর্টাল থেকে ৭৪ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠীর নাম বাদ দেওয়া হয়েছে। কারণ, এসব তথ্য একাধিকবার আপলোড হয়েছিল। গত কয়েক বছর ধরে যেভাবে গ্রামে গ্রামে স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, তাতে খুব বেশি মহিলা এর আওতায় আসতে বাকি নেই। ফলে নতুন দল গঠন করতে রীতিমতো হিমশিম খাচ্ছে জেলাগুলি। এই অবস্থায় কীভাবে মহিলাদের গোষ্ঠী তৈরি করা হবে, তা বলে দেওয়া হয়েছে এসওপি-তে। বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে জেলা ও ব্লক আধিকারিকদের সমীক্ষা চালাতে হবে। হতদরিদ্র পরিবারগুলিকে এর আওতায় আনার জন্য বিশেষ গুরুত্ব দিতে হবে। পরিবারগুলি সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে কি না, খতিয়ে দেখতে হবে। কোন সময়ের মধ্যে গোষ্ঠী গঠন করতে হবে, তাও বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। যদি কোথাও কোনও সামাজিক বাধা আসে, সেক্ষেত্রে স্থানীয় মানুষজনকে নিয়ে আলোচনা করতে হবে বলে পরামর্শ দিয়েছেন দপ্তরের কর্তারা। জেলাগুলি তাদের মতো করে পরিকল্পনা তৈরি করতে পারবে। প্রতিনিয়ত খোঁজ রাখবেন জেলাশাসকরা। দপ্তর থেকেও জেলাগুলির কাজের অগ্রগতির রিপোর্ট নেওয়া হবে নিয়মিত।