


হায়দরাবাদ: মহার্ঘ গাড়ির বেপরোয়া গতি প্রাণ কাড়ল তরুণীর। হায়দরাবাদের মাধাপুর এলাকায় গত ১৬ আগস্ট রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অ্যাস্টন মার্টিন গাড়ি ধাক্কা মারে ভারতী মখি (২৬) নামে এক তরুণীকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি পোশাক বিপণির ওই কর্মীকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের জন সেনা কল্যাণ পার্টির রাজ্যসভা সাংসদ লিঙ্গামানেনি রমেশের ছেলের বিরুদ্ধে। ২১ বছরের সাংসদ পুত্র লিঙ্গামানেনি সঞ্জুসের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। সাইবারাবাদ এরিয়া পুলিশ সঞ্জুসকে চিহ্নিত করে। মাধপুর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তকে নোটিস দেওয়া হয়েছে। যদিও মামলা জামিনযোগ্য ও সর্বোচ্চ সাজা সাত বছরের কম হওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। ঘাতক গাড়ি। ছবি: সমাজমাধ্যম