


ভুবনেশ্বর: একইদিনে দু’বার ধর্ষণের শিকার তরুণী। তারপর তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে খুন করা হল। ওড়িশার জগতসিংপুরের এই নারকীয় ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক। ঘটনায় বিজেপি সরকারের আমলে ওড়িশায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেডি সুপ্রিমো তথা বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি সকালে সকালে বাড়ি থেকে পালিয়ে নিজের প্রেমিকের কাছে যান ওই তরুণী। কথা ছিল, দুজনে মন্দিরে বিয়ে করবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত প্রেমিক। তারপর স্থানীয় রাহামা বাসস্ট্যন্ডের কাছে তরুণীকে ফেলে রেখে চম্পট দেয় সে। সেখানে অসহায় তরুণীকে সাহায্যের প্রতিশ্রুতি দেয় এক যুবক। তারপর তরুণীকে একটি ফ্ল্যাটে নিয়ে যায় সে। সেই ফ্ল্যাটের ছাদে তরুণীকে ধর্ষণ করে দ্বিতীয় অভিযুক্ত। তারপর চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে ধাক্কা দিয়ে তরুণীকে নীচে ফেলে দেয় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্যাতিতার।
পরদিন দেহ উদ্ধারের পর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় তরুণীর প্রেমিক ও সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া ওই যুবককে। তারাই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বলে দাবি পুলিশের। তরুণীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় বিজেপি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি বলেন, ‘আর কত নিরীহ প্রাণ যাবে? অপ্রাপ্তবয়স্ক মেয়ে থেকে শুরু করে প্রতিবন্ধী তরুণী, বিজেপির আমলে ওড়িশায় কেউই নিরাপদ নয়। সর্বত্র বিশৃঙ্খলা, চারদিকে নিরাপত্তাহীনতা।’