


সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রেমে প্রত্যাঘাত। আর সেই রাগেই প্রেমিকার বাড়িতে আগুন ধরিয়ে ধেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শুক্রবার মাঝরাতে আগুন লাগানোর ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের লেবুবাগানের সুকান্তপল্লিতে। এরপর ভয়াবহ আগুন দেখে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। দেরি না করে দমকলে খবর দেন তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি আগুন লাগানোর সময় স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত অনিল সরকার। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।