


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেস্টিংস থানা এলাকায় ঘরে ঢুকে ১৫ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে বৃহস্পতিবার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতকে কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতে হাজির করা হয়। ভারপ্রাপ্ত বিচারক দীপ্তেন্দ্রনাথ মিত্র তাকে ২২ জুলাই পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ৭ জুলাই গভীর রাতে ৩৬ বছর বয়সি ওই প্রতিবেশী যুবক কিশোরীর ঘরে ঢুকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। তার চিৎকারে অভিযুক্ত সেখান থেকে চম্পট দেয়। ৮ জুলাই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা দায়ের করে হেস্টিংস এলাকা থেকে তাকে পাকড়াও করে। সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে বলেন, এদিন সরকারপক্ষ থেকে আদালতে কিশোরীর গোপন জবানবন্দির আবেদন জানানো হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন।