


নিজস্ব প্রতিনিধি, বারাসত: জন্মদিনের দিনেই চরম পরিণতির পথ বেছে নিলেন যুবক। পরিবারের অনুমান, মায়ের বকুনির পর অভিমানে সে আত্মঘাতী হয়েছে। ঘটনাটি অশোকনগরের জিয়লডাঙার। মৃতের নাম শাকিল মণ্ডল ওরফে রাজা (১৯)। অশোকনগরের আটুলিয়া স্কুলের পাশে একটি চায়ের দোকান চালাতেন শাকিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে খেলতে বেরিয়েছিলেন শাকিল। দুপুরে দেরি করে বাড়ি ফেরায় মা তাঁকে বকাবকি করেন। মায়ের বকুনির পর দুপুরে খাওয়াদাওয়া করে নিজের ঘরে শুতে যান শাকিল। এদিনই ছিল তার জন্মদিন। পরিবারের দাবি, জন্মের সময়ও ছিল বিকাল চারটে নাগাদ। প্রায় একই সময়ে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।
বিকালের দিকে ঘর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। দরজা ভেঙে ঘরে ঢুকে শাকিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অশোকনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের দিদি সনিয়া মণ্ডল বলেন, দুপুরে খেলার পর দেরি করে বাড়ি ফেরায় মা বকেছিল। তাতেই হয়তো অভিমান করে শাকিল চরম পরিণতির পথ বেছে নিল।