


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৩ সালে তিলজলা থানা এলাকায় ছ’বছরের ছাত্রীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। তার নাম মহম্মদ ইমতিয়াজ। ১৩ বছর পর সাজা ঘোষণা হল। সোমবার আলিপুরের পকসো আদালতের বিচারক রিম্পা রায় এই আদেশ দেন। বিচারক সাজার সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক বছর হাজতবাসের নির্দেশ দেন। নির্যাতিতাকে পাঁচ লক্ষ দেওয়ার জন্য লিগ্যাল এইডকে নির্দেশ দেন। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ জানান, চলতি বছরের মে মাসে মামলার রায়দানের দিন জামিনে থাকা ইমতিয়াজ এলাকা ছেড়ে চম্পট দেয়। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার ভিত্তিতে পুলিশ তাকে পাকড়া করে। তিনি জানান, যুবকের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনাটি ঘটে। তিলজলার মাসির বাড়িতে গিয়েছিল ছাত্রীটি। সেখানেই প্রতিবেশী ওই যুবক তাকে চকলেটের টোপ দিয়ে একটি নির্মীয়াণ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে জরুরি ভিত্তিতে অপারেশন হয়। পুলিশ অভিযুক্ত যুবককে পাকড়াও করে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়। পরে অভিযুক্ত জামিন পেয়ে অন্য অপরাধে জড়িয়ে পড়ে। বিচার চলাকালে অভিযুক্তকে শনাক্ত করে ওই ছাত্রী। মামলায় সাক্ষ্য দেন ন’জন। বিভিন্ন সময়ে নানা আইনি গেরোয় মামলা বিলম্বিত হয়। অবশেষে এদিন সাজা ঘোষণা করল আদালত।