


নয়াদিল্লি: ৩১ বছরের পুরানো অপহরণ ও খুনের মামলায় ইউটিউবারকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ধৃত দিল্লির বাসিন্দা সেলিম খান ওরফে সেলিম আহমেদ (৫৪) গত ২ দশকেরও বেশি সময় ধরে ফেরার ছিল। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের লোনি থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ সূত্রে খবর, ১৯৯৫ সালে উত্তর-পূর্ব দিল্লির এক সিমেন্ট ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে সেলিম ও তার সহযোগী অনিল। পরবর্তীকালে দিল্লির মুস্তাফাবাদের একটি নালা থেকে কিশোরের দেহ উদ্ধার করে পুলিশ। সেই মামলায় ১৯৯৭ সালে দোষী সাব্যস্ত হয় সেলিম। তাকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। ২০০০ সালে অন্তর্বতী জামিন পাওয়ার পর থেকে গা ঢাকা দেয় সে। পুলিশ জানিয়েছে, ‘দিল্লি ও হরিয়ানার একাধিক জায়গায় লুকিয়ে থাকত সেলিম। কারনাল ও অম্বালার আলমারি কারখানায় কাজও নিয়েছিল। ২০১০ সাল থেকে সে পাকাপাকিভাবে লোনিতে বসবাস শুরু করে।’ গ্রেপ্তারি এড়াতে নিজেকে সরকারি খাতায় মৃত বলেও প্রমাণ করেছিল অভিযুক্ত। সেলিম আহমেদ ছদ্মনামে সে একটি পোশাকের দোকান খুলে বসে। ইউটিউবার হিসাবেও কাজ করতে শুরু করে সে। তদন্তকারীরা জানিয়েছেন, গোপন সূত্রে সেলিমের আসল পরিচয় জানা যায়। পুরানো ছবি ও ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে তাকে চিহ্নিত করা হয়। তারপরেই স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেপ্তারের পর তিহার জেলে ঠাঁই হয়েছে সেলিমের।