


বাক-এর প্রযোজনায় স্বামীজির পৈতৃক আবাসের রামকৃষ্ণ মঞ্চে অনুষ্ঠিত হল গানে-কথায়-সংলাপে অসাধারণ শ্রুতি উপস্থাপনা ‘যুগসূর্য শ্রীরামকৃষ্ণ’। কামারপুকুরের অতি সাধারণ ছেলে গদাধর চট্টোপাধ্যায় থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব হয়ে ওঠার কাহিনি তথ্য সহযোগে পরিবেশিত হয়।
রামকুমার চট্টোপাধ্যায় ও ভাগ্নে হৃদের সঙ্গে দক্ষিণেশ্বরে এসেছিলেন গদাধর। সেখানে তাঁর সান্নিধ্যে আসেন বহু মানুষ। তাঁরা সকলেই ঠাকুরের জীবনের গুরুত্বপূর্ণ চরিত্র।
অসাধারণ বাচনভঙ্গিমায় সেই সমস্ত ঘটনা মূর্ত হয়ে উঠল। যার মাধ্যমে শিহরিত হন দর্শক। ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে গান পরিবেশন করেন বিশ্বরূপ রুদ্র। তাঁর পরিশীলিত কণ্ঠ মাধুর্যে গাওয়া ‘সকলি তোমারই ইচ্ছা’, ‘আমার চেতনা চৈতন্য করে’... গানগুলি অপূর্ব।
রচনা, নির্দেশনার পাশাপাশি ঠাকুরের ভূমিকায় অমিত রায় অনবদ্য। রানি রাসমণির চরিত্রে রত্না মিত্র, গিরিশ ঘোষের চরিত্রে মুরারী মুখোপাধ্যায়, মা সারদা মিতালী ভট্টাচার্য অসাধারণ। অন্যান্য্য শিল্পীরাও নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য।
অপর্ণা তাঁতী