


ঢাকা: গত বছরের ৫ আগস্ট। দেশজুড়ে আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ, মঙ্গলবার তার বর্ষপূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার। আগেই ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছিল। সারা দেশেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গত বছর দেশ ছাড়ার পরেই হাসিনার বাসভবন ‘গণভবন’-এ তাণ্ডব চালিয়েছিল আন্দোলনরত জনতা। দেদারে লুটপাট করা হয় দামি আসবাব, মূর্তি, টিভি সেট, সোফা ও অন্যান্য সামগ্রী। লুট করা হয় হাসিনার পোশাকও। সেই ছবি ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয়। সেই গণভবনকে জাদুঘর হিসেবে গড়ে তুলেছে ইউনুস সরকার। নাম দেওয়া হয়েছে, ‘জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর’। সেখানে হাসিনার আমলের ‘অপশাসন’-এর বিভিন্ন নিদর্শন, ছবি রাখা হচ্ছে। পরিচালনার জন্য ২০০টি পদ তৈরি করেছে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক দপ্তর। আজ, মঙ্গলবার এই জাদুঘরের উদ্বোধন হবে। এদিকে, রবিবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার শুনানি শুরু হয়েছে। সোমবারও মামলার সাক্ষ্যগ্রহণ হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে গণভবন তৈরি করা হয়। কিন্তু সেই সময় ভবনটিতে শুধু প্রশাসনিক কাজকর্মই হতো। পরবর্তী সময়েও সেটি ছিল সরকারি অতিথি ভবন। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আইন তৈরি করে গণভবনকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে গড়ে তোলেন হাসিনা। তারপর থেকে সেখানেই বসবাস করতেন তিনি। ইউনুস সরকার সূত্রে খবর, সংগ্রহশালা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ৫ আগস্ট হাসিনার দেশ ছাড়ার পূর্তিতে অর্থাৎ, আজ ওই সংগ্রহশালার উদ্বোধন হবে। তবে, হাসিনার দেশ ছাড়ার পরেও বাংলাদেশের পরিস্থিতির কতটা বদল হয়েছে, তা নিয়ে দেশের মানুষই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এখনও সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করতে পারেননি ইউনুস। উল্টে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। তোলাবাজিতে নাম জড়িয়েছে ‘জুলাই বিপ্লব’-এর নেতাদের।