


নয়াদিল্লি: লখনউ সুপার জায়ান্টসে জাহির খানের ইনিংস শেষের পথে। গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পর তাঁর জায়গায় জাহিরকে দায়িত্ব দিয়েছিল লখনউ। কিন্তু গত আইপিএলে এলএসজি’র পারফরম্যান্স আশানুরূপ ছিল না। তাই জাহিরকে বিদায় জানানোর পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজিটির। সেই মতো ভরত অরুণকে কেকেআর ছেড়ে দেওয়া মাত্র লুফে নেয় লখনউ। তাঁকে বোলিং কোচ করা হয়েছে। আইপিএল সহ বিদেশি লিগে এলএসজি’র অন্য দলকেও কোচিং করাবেন ভরত। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি জাহির। তিনি আর লখনউয়ে থাকতে চাইছেন না। ফলে এলএসজি’র মেন্টর পদ থেকে তাঁর বিদায় শুধু সময়ের অপেক্ষা। ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা এখন লন্ডনে। দ্য হান্ড্রেড লিগে তাঁর দল ম্যাঞ্চেস্টার অরিজিনালস খেলছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকায় রয়েছে ডারবান সুপার জায়ান্টস। এই তিনটি দলকে নতুন করে সাজাতে চাইছেন এলএসজি কর্তারা। তাই জাহিরের জায়গায় নতুন মেন্টর নিয়োগ করা হবে। সঞ্জীব গোয়েঙ্কা দেশে ফেরার পর সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে শোনা যাচ্ছে।
এর আগে জাহির খান মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন। এবার লখনউ অধ্যায়ও শেষের মুখে। নতুন কোনও আইপিএল দলে কি দেখা যাবে জ্যাককে? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, কলকাতা নাইট রাইডার্স এখনও বোলিং কোচ নিয়োগ করেনি। হেড কোচের খোঁজ চলছে। জাহির কেকেআরের বোলিং কোচ হতেও পারেন। তবে শাহরুখ খান চাইছেন, হেড কোচ যিনি হবেন, তাঁর উপর ছেড়ে দেওয়া হবে বাকি সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার দায়িত্ব। তাতে বোঝাপড়া ভালো হবে। ইতিবাচক প্রভাব পড়বে দলের পারফরম্যান্সে।
এদিকে, সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। তাঁর ইচ্ছা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা। কিন্তু সঞ্জুকে নেওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ট্রেড ডিল। সূত্রের খবর, সঞ্জুর বিনিময়ে সিএসকের তিন ক্রিকেটারের মধ্যে একজনকে চাইছে রাজস্থান। তাঁরা হলেন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা বা ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু এই প্রস্তাবে চেন্নাই রাজি হবে বলে মনে হয় না।