


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেরলের কাছে আরব সাগরে নয়া প্রজাতির রে ফিশের সন্ধান পেল জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই)। লম্বা লেজযুক্ত শঙ্কর মাছের এই প্রজাতিকে সাধারণভাবে ডিপ সি স্কেট বলা হয়। এই মাছের দেখা মেলে গভীর সমুদ্রে। এই বিশেষ প্রজাতির নাম দেওয়া হয়েছে ডিপটারাস ধৃতিটিয়ে। জেডএসআইয়ের অধিকর্তা এবং সেখানকার ডিপ ওশান প্রোগ্রামের লিড প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ধৃতি বন্দ্যোপাধ্যায়ের নামেই মাছটির নামকরণ করা হয়েছে। প্রায় ৪০০ থেকে ৬০০ মিটার গভীরে এই মাছটির সন্ধান মিলেছে বলে জানান বিজ্ঞানীরা। জেডএসআইয়ের সঙ্গে এই অভিযানে ছিল আইসিএআর-সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (সিএমএফআরআই)।
ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গভীর জলের হাঙর বা রে ফিশের বৈশিষ্ট্য হল, এদের জন্মহার খুবই কম। প্রায়ই কমার্শিয়াল ফিশিং লাইন বা জালে ধরা পড়ে মৃত্যু হয় এদের।’ এগুলি আগে যখন ধরা পড়েছে, তখন ডিপটারাস স্পিংগেরির সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছিল। তবে, জিন বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ধৃতিটিয়ের সঙ্গে তার নিকটতম প্রজাতি ট্রাভাঙ্কোর স্কেটের (ডিপটারাস জোহানিসদাভিসি) ৩.৮ শতাংশ থেকে ৪.৭ শতাংশ ফারাক রয়েছে।