


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিকিমের গোলিতার এবং পশ্চিমবঙ্গের পানিঝোড়া থেকে লিচেন মথের দুটি নয়া প্রজাতি আবিষ্কার করলেন জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা। একই সঙ্গে, ভারতীয় হিমালয়ে আরো সাতটি লিচেন মথের হদিশ মিলেছে, যার সন্ধান আগে এদেশে পাওয়া যায়নি। আবিষ্কারকদের নাম এবং সময় জুড়ে নয়া নতুন মথগুলিকে ‘কলোসেরা হলোওয়াই এস সিং, এন সিং অ্যান্ড ভট্টাচার্য ২০২৬’ এবং অসুরা বক্সা ভট্টাচার্য, এস সিং, এন সিং ২০২৬’ নামকরণ করা হয়েছে। এই মথগুলি বায়দূষণের সূচক। কারণ, এগুলির শুঁয়োপোকা পতঙ্গ খেয়ে বেঁচে থাকে। দূষণের ফলে এগুলির সংখ্যা কমে যায়। অন্যান্য লিচেন মথের থেকে নয়া প্রজাতিগুলির দেহের গঠন, শুঁড় প্রভৃতি অনেকটাই আলাদা। এই স্বাতন্ত্র্যই দুটি প্রজাতিকে নতুন আবিষ্কার হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক জার্নাল জুট্যাক্সায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে এই নয়া আবিষ্কার সম্পর্কিত গবেষণাপত্র। জেডএসআইয়ের অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লেপিডপটেরা গোত্রের মতো কম পরিচিত পতঙ্গের বৈচিত্র্যকে বোঝার ক্ষেত্রে এই দুটি আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় হিমালয়ে বায়ুদূষণের সূচক হিসেবেও এগুলির ভূমিকা অপরিসীম। হিমালয়ের জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলে অবিরাম সন্ধানকাজের ফলে নিয়মিত নতুন প্রাণীর আবিষ্কার সম্ভব হচ্ছে।’