


নিউ ইয়র্ক: ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজ। রবিবার রাতে দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা বিধ্বংসী মেজাজে ৬-৪, ৬-৩, ৬-৪ সেটে উড়িয়ে দেন টমি পলকে। শীর্ষ বাছাই আলেকজান্ডার জেরেভও এগলেন। চতুর্থ রাউন্ডে ওঠার পথে জার্মান তারকা স্ট্রেট সেটে হারান চিলির আলেজান্দ্রো তাবিলোকে। ম্যাচের ফল ৬-২, ৭-৬, ৬-২। জানিক সিনারের অনুপস্থিতি ও নোভাক জকোভিচের প্রথম রাউন্ডে বিদায়ের পর এবার চ্যাম্পিয়ন হওয়ার বড়ো দাবিদার জেরেভ। তবে তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারেন আলকারাজই।
এদিকে, মহিলাদের সিঙ্গলসে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিলেন ঝেং কুইনওয়েন। তৃতীয় রাউন্ডের ম্যাচে ম্যাডিসন কি’র বিরুদ্ধে ০-৫ গেমে পিছিয়ে ছিলেন তিনি। সেই সময় ম্যাচ পয়েন্টের হাতছানি ম্যাডিসনের সামনে। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ান ঝেং। শেষ পর্যন্ত ১-৬, ৭-৬ (৭-৩), ৭-৫ সেটে জয়ী হন চীনের ২৩ বছর বয়সি।