


জাকার্তা, ২ এপ্রিল: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে মাত্রা ৭.৪। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্পের জেরে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা তথা ইউএসজিএস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৪৮ মিনিট নাগাদ মলুক্কায় কম্পণ অনুভূত হয়। উৎসস্থল ছিল টারনেট দ্বীপের উপকূলের কাছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপকূলবর্তী অঞ্চলে। তড়িঘড়ি জারি করা হয় সুনামি সতর্কতাও। ভূমিকম্পের জেরে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়। ঢেউয়ের উচ্চতা পৌঁছয় প্রায় আড়াই ফুট পর্যন্ত।
ফিলিপিন্স এবং মালয়েশিয়ার উপকূলবর্তী এলাকাতেও সুনামি সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজ। তবে এখনও পর্যন্ত বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে, পরবর্তী আফটার শক সম্পর্কে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন।