


কোয়েম্বাটোর: অবশেষে সুবিচার পেলেন তামিলনাড়ুর পোল্লাচির নির্যাতিতারা। ছ’বছর মামলা চলার পর অবশেষে যৌন নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ মামলায় ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল কোয়েম্বাটোরের মহিলা আদালত। ২০১৯ সালের ঘটনায় মঙ্গলবার ৯ অপরাধীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক আর নন্দিনী দেবী। সেইসঙ্গে আট নির্যাতিতাকে ৮৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার নির্দেশও দেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত অপরাধীদের মধ্যে অন্যতম এআইএডিএমকে-র এক কর্মী। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার দল অবশ্য ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে।
তামিলনাড়ুর পোল্লাচিতে সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে যৌন নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ ও ব্ল্যাকমেল করত অপরাধীরা। মুখ খুললে ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিত। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে হওয়া অপরাধগুলি প্রকাশ্যে আসে ২০১৯ সালে। এক কলেজছাত্রীই প্রথম পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। তারপরই একে একে অপরাধের পর্দাফাঁস হয়। প্রথমে ঘটনার তদন্তে নামে তামিলনাড়ু পুলিস ও সিআইডি। তৎকালীন এআইএডিএমকে সরকারের তদন্ত নিয়ে সরব হয় বিরোধীরা। পরে মামলার তদন্তভার নেয় সিবিআই। এদিন কঠোর নিরাপত্তার মধ্যে অপরাধীদের আদালতে হাজির
করানো হয়। তাদের প্রত্যেকের বয়স ৩০-৩৯ বছরের মধ্যে। সিবিআইয়ের আইনজীবী সুরেন্দ্র মোহন বলেন, গণধর্ষণ, ধর্ষণ, হুমকি সহ একাধিক ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়। তাদের আমৃত্যু পর্যন্ত কারাদণ্ড দিয়েছে আদালত। এই মামলায় মোট ৪৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি সাক্ষীদের নাম-ঠিকানা যাতে প্রকাশ না পায়, তারজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন।