


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও জলপাইগুড়ি: বাংলার প্রত্যেক মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত করতে হবে। এসআইআর আবহে এটাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আইন থেকে প্রশাসন, সর্বত্র পদক্ষেপ করেছেন তিনি। এদিন রাজ্যের মিনি সচিবালয় উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলনে তিনি সাফ ঘোষণা করেছেন, প্রত্যেকের আধার কার্ড নিশ্চিত করতে হবে। তাঁর নির্দেশ, ‘ডিএমদের বলব, যাঁদের আধার কার্ড নেই, দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে তাঁদের সেই ব্যবস্থা করে দিতে হবে। ভোটাধিকার না থাকলে তাঁকে এনআরসির দিকে ঠেলে দেবে। আমি ওদের বিশ্বাস করি না। সেই কারণে সবাই আধার কার্ড করে রাখবেন। আর ভোটার লিস্টে নিজের নাম আছে কি না, সেটা দেখে নেবেন। শুধু এখন দেখলেই হবে না, আগামী ছ’সাত মাস ভোটার তালিকায় খুব ভালোভাবে নজর রাখতে হবে।’