


ফরাসি: সহজ জয়ে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে কার্লোস আলকারাজ। বসনিয়ার দামির জুমহুরকে চার সেটের লড়াইয়ে বশ মানান স্প্যানিশ তারকা। ম্যাচের ফল ৬-১, ৬-৩, ৪-৬, ৬-৪। তবে জিতলেও নিজের খেলায় খুশি নন ফরাসি ওপেনে গতবারের চ্যাম্পিয়ন। তৃতীয় সেটে বেশ কয়েকটি আনফোর্স এরর করেন আলকারাজ। কোর্টেই হতাশা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এমনকী, ম্যাচের পর বলে বসেন, ‘ভালো শুরু করেও তৃতীয় সেটে কিছুটা ছন্দপতন হয়েছে। আরও সতর্ক হওয়া দরকার।’ শেষ ষোলোর লড়াইয়ে আলকারাজের প্রতিপক্ষ বেন শেলটন।
পুরুষদের সিঙ্গলসে আর এক তারকা জানিক সিনারও দুরন্ত ফর্মে রয়েছেন। তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের জিরি লেচেককে স্ট্রেট সেটে উড়িয়ে দেন তিনি। ম্যাচের ফল ৬-০, ৬-১, ৬-২। উল্লেখ্য, ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে তিন মাস নির্বাসিত ছিলেন বিশ্বের এক নম্বর সিনার। কোর্টে ফিরে ইতালিয়ান ওপেনের ফাইনালেও পৌঁছান। সেখানে আলকারাজের কাছে পরাস্ত হলেও সিনার বুঝিয়ে দিয়েছিলেন তিনিই ফর্মেই আছেন। ফরাসি ওপেনে প্রমাণিত সিনার খেতাব জিততে মরিয়া। পাশাপাশি জার্মানির আলেজকান্ডার জেরেভের চমৎকার ফর্ম অব্যাহত। জোরাল সার্ভ তাঁর সম্পদ। ইদানীং ক্রস কোর্ট শটেও দারুণ উন্নতি করেছেন জেরেভ। ইতালির কোবেল্লিকে তিন সেটের লড়াইয়ে হারান তিনি। ফল ৬-২, ৭-৬, ৬-১। চতুর্থ রাউন্ডে পৌঁছছেন নোভাক জকোভিচও। মিসোলিচকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন সার্বিয়ান মহাতারকা। ম্যাচের ফল ৬-৩, ৬-৪, ৬-২।
এদিকে, মহিলাদের সিঙ্গলসে দাপটে চতুর্থ রাউন্ডে পা রাখেলেন এরিনা সাবালেঙ্কা। বেলারুশের তরুণীর প্রতিপক্ষ ছিলেন অবাছাই ওলগা ডানিলোভিচ। স্ট্রেট সেটে ম্যাচ জেতেন সাবালেঙ্কা। খেলার ফল ৬-২, ৬-৩। আগাগোড়া দাপট দেখান সাবালেঙ্কা। পাশাপাশি ইগা সুইয়াটেকও ধারাবাহিকতা বজায় রেখে এগলেন। রোমানিয়ার ক্যাকলিসন ক্রিস্টানকে ৬-২, ৭-৫ সেটে বশ মানান তিনি। পাশাপাশি, পুরুষদের ডাবলসে তৃতীয় রাউন্ডে পা রাখলেন রোহন বোপান্না ও পাভলাসেক জুটি। তিন সেটের লড়াইয়ে ফরাসি জুটি ফাবিয়ান রেবুয়েল ও সাদিও ডোম্বিয়াকে বশ মানান তাঁরা। ম্যাচের ফল ৬-৭, ৭-৬, ৬-২। শুরুতে পিছিয়ে পড়েও বোপান্নাদের কামব্যাকের প্রশংসা করতেই হবে। তবে বিদায় নিলেন শ্রীরাম বালাজি ও মিগুয়েল ভারেলা জুটি। ৩-৬, ৪-৬ সেটে ইতালির ভাবাসোরি ও বোলেল্লির কাছে হার মানেন তাঁরা।