


বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের একটি গোপন ডেরা গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে পাঁচটি আইইডি এবং দু’টি ওয়্যারলেস সেট। সেনা সূত্রে জানানো হয়েছে, উদ্ধার আইইডিগুলি ‘রেডি টু ইউজ’ অবস্থায় ছিল। আধ কিলো থেকে পাঁচ কিলো ওজনের ওই আইইডিগুলি উদ্ধারের পরই নিষ্ক্রিয় করা হয়। সীমান্তের জেলাগুলিতে অস্থিরতা তৈরি করতেই জঙ্গিরা এই আইইডিগুলিকে তৈরি রেখেছিল বলে সেনার অনুমান। পহেলগাঁওয়ের বৈসরণে হামলার পর উপত্যকাজুড়ে জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় সুরানকোটের মারহোতেতে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামে সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিস। সুরন্তহালের কাছে তল্লাশির সময় জঙ্গিদের গোপন আস্তানা নজরে আসে। এরপরই তা ধ্বংস করে দেওয়া হয়। সেনা সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া আইইডির মধ্যে দু’টি রাখা ছিল স্টিলের বালতিতে। বাকি তিনটি টিফিন বাক্সে প্যাক করা ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ প্যাকেট ইউরিয়া, একটি পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার, একটি বায়নোকুলার। ফাইল চিত্র