


মিশিমা: রাবার কারখানায় ছুরি নিয়ে হামলা! জাপানের রাজধানী টোকিওর পশ্চিম প্রান্তে মিশিমা এলাকায় ঘটেছে এই ঘটনা। জখম হয়েছেন অন্তত ১৪ জন। হামলার সময় কারখানার ভিতরে তরল কিছু স্প্রে করা হয়। তবে আক্রান্ত সকলেরই সজ্ঞানে রয়েছেন। স্থানীয় দমকল বিভাগের অফিসার তোমোহারু সুগিয়ামা জানান, হামলাকারীকে আটক করে হেপাজতে পাঠানো হয়েছে। বিকেল সাড়ে চারটে নাগাদ তাঁদের কাছে রাবার কারখানা থেকে ফোন আসে। জানানো হয়, পাঁচ-ছ’জনকে কেউ একজন ছুরি মেরেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। যে ১৪ জনের উপর হামলা চালানো হয়, তাঁরা জরুরি ভিত্তিতে কিছু জিনিস স্থানান্তরের কাজ করছিলেন। সেই সময়েই তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতী। তবে আক্রান্তদের কোথায় কোথায় আঘাত লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। জাপানের অন্যতম বড় সংস্থা ইয়োকোহামা রাবার কোম্পানি ওই কারখানার মালিক। এই ঘটনায় জাপান প্রশাসন স্বাভাবিকভাবেই চাপে রয়েছে। বিশ্বের সবচেয়ে কঠোর আগ্নেয়াস্ত্র আইন জাপানেই কার্যকর রয়েছে। ২০২২ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রকাশ্যে খুনের পর ২০২৩ সালে দুই পুলিশ অফিসার সহ চারজনকে খুনের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়।