


মেলবোর্ন, ৩১ ডিসেম্বর: গুরুতর অসুস্থ অজি ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। রয়েছেন কোমায়। সূত্রের খবর, ৫৪ বছর বয়সী এই ক্রিকেটার গত ২৬ ডিসেম্বরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে ব্রিসবেনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন তিনি। যার অর্থ তাঁর মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে সংক্রমণ দেখা দিয়েছে। এটি সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত রোগ। এই রোগে আক্রান্ত হলে বমি, জ্বর, মাথা ও ঘাড়ে ব্যথার লক্ষণগুলি দেখা দেয়। তাঁর পরিবার সূত্রে খবর, হাসপাতালে ভর্তি পরই তিনি কোমায় চলে যান। জানা যাচ্ছে, বর্তমানে মার্টিনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও। মার্টিনের সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তাঁর সমসাময়িক অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট, ড্যারেন লেহম্যানরা। ড্যারেন লিখেছেন, মার্টিনের জন্য প্রার্থনা রইল। লড়াই চালিয়ে যাও। অন্যদিকে, গিলক্রিস্ট লিখেছেন, আমি জানি মার্টিন সেরা চিকিৎসাটাই পাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গও মার্টিনের দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি প্রকাশ করেছেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২-২০০৬ সাল পর্যন্ত ক্রিকেট খেলেছেন মার্টিন। ১৪ বছরের কেরিয়ারে খেলেছেন ৬৭ টেস্ট ও ২০৮টি ওয়ানডে ম্যাচ।