


আগরতলা: বাংলাদেশের বাসিন্দা জমি কিনেছেন ত্রিপুরার আদিবাসী এলাকায়। এমনকী সেই সম্পত্তির মিউটেশনও নিজের নামে করে নিয়েছেন তিনি। এমনই অভিযোগ তুলে সোচ্চার তিপ্রামথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। রাজ্যের বিজেপি সরকারের শরিক দলের এই নেতা বলেছেন, এবার তো ওই ব্যক্তি ও তাঁর পরিবার দেশের যেকোনও জায়গায় জমির কাগজ দেখিয়ে সহজেই পাসপোর্ট, প্যান, আধার ও ভোটার কার্ড করিয়ে নিতে পারবে। একইসঙ্গে তাঁর প্রশ্ন, ষষ্ঠ তফশিলের আওতায় থাকা এলাকায় ওই ব্যক্তি কীভাবে জমি কিনতে পারলেন? এই এলাকায় তো শুধু আদিবাসীরাই জমি কেনাবেচা করতে পারেন। তাঁর আরও বক্তব্য, দেশের অন্যত্র এই ঘটনা ঘটলে শোরগোল পড়ে যেত। কিন্তু ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলে বলে কেউ টুঁ শব্দ করে না। তিপ্রামথা প্রধানের দাবি, এধরনের ইস্যু তুলে ধরলে অন্যান্য রাজনৈতিক নেতাদের আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু এই এলাকার বাস্তবচিত্র তুলে ধরাকেই তিনি নিজের কর্তব্য মনে করেন।