


ওয়াশিংটন, ২৬ এপ্রিল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজ চলছিল ওয়াশিংটনের হিলটন হোটেলে। প্রায় ২৬০০ অতিথি উপস্থিত ছিলেন হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে। হাইপ্রোফাইল অতিথিদের উপস্থিতিতে নৈশ ভোজ হয়ে উঠেছিল চাঁদের হাট। ছিলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। হঠাৎই তাল কাটলো গুলির শব্দে।। অনুষ্ঠান চলাকালীন পাঁচ থেকে আট রাউন্ড গুলি চলার শব্দ শোনা যায়। মঞ্চে তখন উপস্থিত স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। গুলির আওয়াজ এ হড়োহুড়ি পড়ে যায় অনুষ্ঠান কক্ষে। তড়িঘড়ি ট্রাম্পকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যান সিক্রেট সার্ভিসের এজেন্টরা। যদিও ট্রাম্প সহ কোন অতিথি আহত হননি বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
প্রসঙ্গত, মূল অনুষ্ঠান কক্ষের কাছেই গুলি চালানোর ঘটনাটি ঘটে। পুলিশ ও সিক্রেট এজেন্টদের তাৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সকলে। মূল সিকিউরিটি স্ক্রিনিং এরিয়ার কাছেই বন্দুকবাজকে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। ৩১ বছরের এই বন্দুকবাজের নাম কোল টমাস অ্যালেন। সে ক্যালিফোর্নিয়ার টোরেন্সের বাসিন্দা। ঘটনার পরে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান, অভিযুক্ত ব্যক্তির কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল। তাকে ধরতে গিয়ে সিক্রেট সার্ভিসের এক অফিসার গুলিবিদ্ধ হয়েছেন। তবে বুলেট প্রুফ জ্যাকেট থাকায় প্রাণে বেঁচে গেছেন তিনি।
প্রশ্ন উঠতে শুরু করেছে, যে হোটেলে মার্কিন প্রেসিডেন্ট সহ হাইপ্রোফাইল অতিথিরা উপস্থিত থাকবেন সেখানে বন্দুকবাজ ঢুকলো কি করে। প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কার গাফিলতিতে কোল টমাস অ্যালেন আগ্নেয়াস্ত্র সমেত হোটেলে ঢুকতে পারলো সে বিষয়ে খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন।