


বার্সেলোনা: ঘরের মাঠে শুরুতে লিড নিয়েও জিততে ব্যর্থ বার্সেলোনা। বৃহস্পতিবার শেষ মুহূর্তের গোলে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি’র কাছে কাছে ১-২ ব্যবধানে হারল কাতালন ক্লাবটি। জয়ী দলের দুই গোলদাতা সেনি মায়ুলু ও গনসালো র্যামোস। আর বার্সার হয়ে স্কোরশিটে নাম তুলেছেন ফেরান তোরেস। হারের জেরে পয়েন্ট টেবিলে ১৬ নম্বরে নেমে গেল হান্স ফ্লিকের দল (২ ম্যাচে ৩ পয়েন্ট)। সমসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পিএসজি তৃতীয় স্থানে।
বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচ পিএসজি’র কোচ লুই এনরিকের কাছেও খুব স্পেশাল ছিল। কারণ, তিনি এক সময় কাতালন ক্লাবটির হয়ে খেলেছেন। এছাড়া ২০১৪-১৫ মরশুমে এই স্প্যানিশ হেডমাস্টারের কোচিংয়েই ত্রিমুকুট জিতেছিল বার্সা। তাই পুরনো ক্লাবের বিরুদ্ধে এনরিকের লড়াই ঘিরে সমর্থকদের যথেষ্ট আগ্রহ ছিল। তাতে তিনিই শেষ হাসি হেসেছেন। যদিও ১৯ মিনিটে ফেরান তোরেসের গোলে বার্সাই প্রথম লিড নেয় (১-০)। তবে ৩৮ মিনিটে পিএসজি’কে সমতায় ফেরান মায়ুলু (১-১)। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে প্যারিসের ক্লাবটির জয়সূচক গোলটি র্যামোসের (২-১)। উল্লেখ্য, বৃহস্পতিবার ম্যাচে কুঁচকিতে চোট পেয়ে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন লামিনে ইয়ামাল।
চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে ওলিম্পিয়াকোস এফসি’কে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। জয়ী দলের দুই গোলদাতা মার্তিনেল্লি ও বুকায়ো সাকা। এছাড়া অ্যাওয়ে ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোল সত্ত্বেও জয় পায়নি ম্যাঞ্চেস্টার সিটি। মোনাকোর বিরুদ্ধে ২-২ ড্র করেছে সিটিজেনরা। হোম টিমের দু’টি গোল জর্ডন তেজে ও এরিক ডায়ারের। তবে অ্যাওয়ে ম্যাচে গালাতেসারের কাছে ০-১ ব্যবধানে হেরেছে লিভারপুল। ম্যাচের একমাত্র গোলদাতা ভিক্টর ওসিমহেন। অন্যদিকে, কাইরাতকে ৫-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুরন্ত হ্যাটট্রিকে ম্যাচের নায়ক এমবাপে। পাশাপাশি ফ্রাঙ্কফার্টকে ৫-১ হারাল আতলেতিকো মাদ্রিদ।