


বার্সেলোনা: ছিটকে যাওয়ার বেদনা তো রয়েইছে। তবে আছে বুক চিতিয়ে লড়াইয়ের গর্বও। মঙ্গলবার ক্যাম্প ন্যুয়ে কোপা ডেল রে’র সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ ৩-০ ব্যবধানে জিতেও বিদায় নিল বার্সেলোনা। প্রথম লেগে আতলেতিকোর কাছে ০-৪ হারটাই কাল হল হ্যান্স ফ্লিক ব্রিগেডের। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে কোপা ডেল রে’র ফাইনালে মাদ্রিদের ক্লাবটি।
মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রথম লেগে ৪-০ জিতে কার্যত ফাইনালের টিকিট পাকা করে ফেলেছিল ডিয়েগো সিমোনের দল। তবে বার্সা আশা ছাড়েনি। ঘরের মাঠে ২৯ মিনিটে জাল কাঁপিয়ে তা আরও জোরাল করেন মার্ক বের্নাল। এরপর প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। আর ৭২ মিনিটে ৩-০ করেন সেই বের্নাল। অর্থাত্, নির্ধারিত সময়ের খেলা শেষ হতে তখনও ১৮ মিনিট বাকি। বার্সেলোনা আর এক গোল চাপালেই খেলা গড়াতো অতিরিক্ত সময়ে। তবে বাকি সময়টা রক্ষণ জমাট রেখে ১৩ বছর পর ফাইনালের টিকিট নিশ্চিত করে আতলেতিকো।