


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্টির একনিষ্ট নেতা-কর্মী যাঁরা কোনও কারণে বসে গিয়েছেন বা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, তাঁদের ফের মাঠে নামাতে মরিয়া বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজে একজন আদি নেতা। তিনি রাজ্য পার্টির প্রধান হওয়ার পর পুরনো নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছিল। অবশেষে চার মাস পর শমীকবাবু রাজ্য বিজেপির পুরনো যোদ্ধাদের বিধানসভা ভোটের আগে লড়াইয়ের ময়দানে নামার উদ্যোগ নিয়েছেন। সেইমতো আগামী ২৫ ডিসেম্বর অটলবিহারী বাজপেয়ির জন্মদিনে কলকাতায় আদি নেতা-কর্মীদের নিয়ে বিশেষ সম্মেলন করতে চলেছে বিজেপি। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে পদ্ম পার্টিকে গ্রাস করেছিল দলবদলু ও তৎকাল নেতারা। যাঁরা আদি, তাঁরা কার্যত ব্রাত্য হয়ে পড়েছিলেন নব্যদের চাপে। সুকান্ত মজুমদারের হাতে দলের রাশ থাকাকালীন এই চিত্র আরও প্রকট হয়। বিষয়টি খোদ নরেন্দ্র মোদি ও অমিত শাহের কানে পৌঁছোয়। তারপরই ‘ঘরের ছেলে’ শমীক ভট্টাচার্যকে রাজ্যসভার সাংসদ ও রাজ্য সভাপতির জোড়া দায়িত্ব দেয় কেন্দ্রীয় নেতৃত্ব।
এই সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা রাজকমল পাঠক বলেন, আমরা চাই পুরনো নেতা-কর্মীরা যেন ঘরে বসে না থাকে। তাঁদের উপযুক্ত সম্মান দিয়ে ভোটের আগে কাজে লাগাতে চায় পার্টি। সেই লক্ষ্যে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজির জন্মদিনকে বেছে নিয়েছি। সেদিন কলকাতার কোনও প্রেক্ষাগৃহে পুরনোদের সঙ্গে আলোচনায় বসবেন শমীকবাবু ও কেন্দ্রীয় নেতৃত্ব। রাজকমলবাবু বলেন, রাজ্য-জেলা-পঞ্চায়েত স্তরে সংগঠনের দায়িত্বে থাকা কিংবা প্রার্থী হয়েছিলেন এমন নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এক্ষেত্রে আমন্ত্রিতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন তিনি। তবে জায়গার অভাবে শেষ মুহূর্তে অতিথি সংখ্যায় খানিক কাটছাঁট হতে পারে বলে জানা গিয়েছে।