


সংবাদদাতা, উলুবেড়িয়া: বিজেপির পরিবর্তন সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হল উদয়নারায়ণপুরের কানপুর গ্রাম পঞ্চায়েতের মানিকুড়া গ্রাম। এই সভাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কর্মীদের সংঘর্ষ হলে উত্তেজনা চরমে ওঠে। বাইক ভাঙচুরের পাশাপাশি তাতে আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মাথা ফেটেছে কানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুশোভন শেঠের। বর্তমানে এই তৃণমূল নেতা উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। এলাকায় পুলিশ পিকেটের পাশাপাশি র্যাফও নামানো হয়েছে।
শুক্রবার রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন সভা। সেইমতো এদিন বিকেলে কানপুর গ্রাম পঞ্চায়েতের মানিকুড়া গ্রামে সভার আয়োজন করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিজেপি নেতা-কর্মীরা সভাস্থলে আসার পর জানতে পারেন, প্রশাসন তাঁদের সভার অনুমতি দেয়নি। এ নিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, সেই সময় কানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুশোভন শেঠ বাইক চালিয়ে দোকানে যাচ্ছিলেন। তখন বিজেপি কর্মী-সমর্থকরা তাঁর উপর চড়াও হন এবং মারধর করেন। তাঁর বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় উপপ্রধানের। তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে বিজেপির লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এদিকে, তৃণমূল নেতা আক্রান্ত হওয়ার খবর রটতেই আশপাশ থেকে দলের কর্মীরা চলে এসে পালটা হামলা চালায়। বিজেপি কর্মীদের বাইক ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরে পেঁড়ো থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। নামানো হয় র্যাফ। আহত উপপ্রধানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিজেপি নেতা পিন্টু পাড়ুই বলেন, পুলিশ মৌখিকভাবে সভার অনুমতি দেওয়ার পর আমরা প্রস্তুতি নিয়েছিলাম। যদিও সভা শুরুর কয়েক মিনিট আগে আমরা জানতে পারি, অনুমতি মেলেনি। তাঁর অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা ফিরে আসার সময় তৃণমূলের লোকজন তাঁদের উপর অতর্কিতে হামলা চালায়। মঞ্চ ভেঙে দেয়। চেয়ার ভেঙে ফেলে দেয় পুকুরে। এমনকি, আমাদের দলের কর্মীদের কয়েকটি বাইকে আগুন পর্যন্ত ধরিয়ে দিয়েছে ওরা। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি। অন্যদিকে, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, সুশোভন শেঠ সভাস্থলের সামনে দিয়ে দোকানে যাওয়ার সময় বিজেপি পরিকল্পিতভাবে তাঁর উপর হামলা চালিয়েছে। সাধারণ মানুষের থেকে বিজেপি বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা এই ধরনের হিংসার পথ নিয়েছে। নিজস্ব চিত্র