


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোরবাগান কাণ্ডে তদন্তের জন্য সিট গঠন করেছে রাজ্য। পাশাপাশি তদন্ত চালাচ্ছে লালবাজার। সপ্তমীর সন্ধ্যায় মন্ডপের মধ্যেই পদপিষ্ট হয়ে মারা যান ১৯ জন। সেই ঘটনার তদন্তে এবার তলব করা হলো থিম শিল্পী সুশান্ত শিবানী পালকে। তাকে বুধবারের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। শিল্পীর কাছ থেকে একগুচ্ছ বিষয় নিয়ে জানতে চান তদন্তকারীরা। মূলত মন্ডপের ভিতরের অংশ যেখান দিয়ে দর্শনার্থীরা যাবেন তা কেন অপ্রশস্ত থাকলো জানতে চান তদন্তকারীরা। পাশাপাশি মন্ডপে ঢোকা এবং বেরোনোর পথ এত সরু কেন উঠেছে তা নিয়েও প্রশ্ন। প্রশ্ন উঠেছে মন্ডপের ভিতরের অন্ধকার নিয়েও। মনে করা হচ্ছে, তদন্তকারীদের তরফ থেকে এইসব প্রশ্নই ধেয়ে আসতে পারে শিল্পীর দিকে।
শুধু শিল্পীকেই নয়, লালবাজার তলব করেছে চোরবাগানে ঘটনার দিন ডিউটিতে থাকা ১২ জন পুলিশ কর্মীকেও। পাশাপাশি মন্ডপ ও তার আশপাশে ৩২ টি ক্যামেরা থাকার কথা থাকলেও, তার মধ্যে ১৬ টি ক্যামেরার কোনও ফুটেজ এখনো পায়নি পুলিশ। তদন্তকারীদের মতে সপ্তমীর দিন ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটেছিল তা জানতে সিসিটিভি ফুটেজের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন উঠছে সিসিটিভি ফুটেজ না পাওয়া গেলে আদৌ কি চোরবাগান কাণ্ডের পিছনে মূল সত্য সামনে আসবে।