


বুয়েনস আইরেস: আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্তিনা। খেতাব ধরে রাখার লক্ষ্যে আরও একবার মেসিকে সামনে রেখেই ঝাঁপাতে চাইছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কাপযুদ্ধে নামার আগে শেষ ফিফা উইন্ডোতে কোনওরকম কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ পেল না ডিয়েগো মারাদোনার দেশ। গত শুক্রবার মৌরিতানিয়ার বিরুদ্ধে জিতলেও দলের খেলায় মোটেই সন্তুষ্ট হতে পারেননি কোচ স্কালোনি। আসলে ধারে-ভারে কয়েক যোজন পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের মোটিভেট করতে ব্যর্থ ফুটবলারররা। মঙ্গলবার তাই দলের পারফরম্যান্সে উন্নতি ঘটাতে মরিয়া আর্জেন্তিনা। ঘরের মাঠে মেসিদের প্রতিপক্ষ জাম্বিয়া। এই ম্যাচে বড় ব্যবধানে জিতে বিশ্বকাপের মহড়া সেরে নিতে চাইবে স্কালোনি ব্রিগেড।
দিনের অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। শেষ ফিফা ফ্রেন্ডলিতে ফ্রান্সের কাছে হেরে মাঠ ছেড়েছিল কার্লো আনসেলোত্তির দল। তার উপর চোটের কারণে ছিটকে গিয়েছেন রাফিনহা। তাই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আরও এক কঠিন লড়াই অপেক্ষা করছে সেলেকাওদের সামনে। উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপে মডরিচদের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার অবশ্য জিততে মরিয়া তারা।
২০২৬ বিশ্বকাপে অন্যতম ফেভারিট স্পেন। কোচ লুইস ডে লা ফুয়েন্তের প্রশিক্ষণে দুরন্ত ছন্দে রয়েছে স্প্যানিশ আর্মাডা। গত ম্যাচে সার্বিয়াকে সহজেই বশ মানায় তারা। মঙ্গলবার ইয়ামালদের প্রতিপক্ষ মিশর। ঘরের মাঠে মো সালাহদের বিরুদ্ধে জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য ২০২৪ ইউরো সেরাদের। রোনাল্ডোর অনুপস্থিতিতে মেক্সিকোর কাছে আটকে যায় পর্তুগাল। ছন্নছাড়া ফুটবল আর আপফ্রন্টে দক্ষ স্কোয়ারের অভাবে ভুগতে হয় রবার্তো মার্তিনেজ ব্রিগেডকে। মঙ্গলবার আমেরিকার বিরুদ্ধে পারফরম্যান্সে উন্নতি করাই লক্ষ্য ব্রুনো ফার্নান্ডেজদের। গত ম্যাচে জিততে পারেনি ইংল্যান্ডও। ঘরের মাঠে উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেন হ্যারি কেনরা। মঙ্গলবার জাপানের বিরুদ্ধে জিততে মরিয়া টমাস টুচেল ব্রিগেড। এছাড়া ইকুয়েডরের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এছাড়া বেলজিয়ামের প্রতিপক্ষ মেক্সিকো।
এদিকে, বিশ্বকাপের আগে ফ্রান্সের দুরন্ত ফর্ম অব্যাহত। ব্রাজিলের বিরুদ্ধে জয়ের পর রবিবার কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল দিদিয়ের দেশঁর দল। জোড়া গোলে ম্যাচের নায়ক ডেসিরে দুয়ে। এছাড়া স্কোরশিটে নাম তোলেন মার্কাস থুরাম। কলম্বিয়ার একমাত্র গোলটি জেমিনটন ক্যাম্পাজের।