


নয়াদিল্লি: বৃহস্পতিবার কোটলায় নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। তার আগে যশপ্রীত বুমরাহর ফিট হয়ে ওঠা স্বস্তি আনছে শিবিরে। মঙ্গলবার দিন দশেক পর নেটে বল হাতে দেখা গেল তাঁকে। কিন্তু বিন্দুমাত্র জড়তা নেই। বরং পুরানো মেজাজেই আগুন ঝরালেন ‘বুমবুম’। বেশ কয়েকবার ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে গতিতে পরাস্ত করলেন। একবার উইকেটও ছিটকে গেল স্কাইয়ের। কোনও সন্দেহ নেই, নামিবিয়ার বিরুদ্ধে খেলছেন বুমরাহ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আমেরিকার বিরুদ্ধে ৩ উইকেট নেওয়া মহম্মদ সিরাজ।
অভিষেক শর্মাকে নিয়ে অবশ্য ধন্দ থাকছেই। এদিন অনুশীলনে আসেননি তিনি। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডয়েসকাটে বললেন, ‘এখনও পেটের সমস্যায় ভুগছে ও। আশা করছি, নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবে।’ আমেরিকার বিরুদ্ধে ম্যাচে প্রথম বলেই আউট হয়েছিলেন অভিষেক। তারপর প্র্যাকটিসে নামেননি। রবিবার কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে অভিষেককে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারত। সেক্ষেত্রে ওপেনিংয়ে ঈশান কিষানের সঙ্গী হবেন সঞ্জু স্যামসন।
অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে অবশ্য দেখা গেল নেটে। সোমবার পেশির চোট সারিয়ে শিবির যোগ দেন তিনি। এদিন দীর্ঘক্ষণ হাত ঘোরালেন তিনি। তার আগে সীমানার ধারে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লম্বা কথোপকথনে ব্যস্ত দেখাল সুন্দরকে। এরপর নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরের সঙ্গেও কথা বললেন তিনি। নামিবিয়ার বিরুদ্ধে তাঁকে খেলানো হবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়।
তবে এরমধ্যেই পাকিস্তান ম্যাচের দামামা বেজে গিয়েছে শিবিরে। ডয়েসকাটে বলেছেন, ‘আমরা খেলা হবে কি হবে না এই সংশয়ে মাথা ঘামাইনি। ম্যাচ হবে ভেবেই আমরা শ্রীলঙ্কা যেতাম। রাজনীতি থেকে দূরে সরে ক্রিকেটেই ফোকাস ছিল দলের। তবে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে খেলা বড় চ্যালেঞ্জের হতে চলেছে। ওরা দু’সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় রয়েছে। নিজেদের সেরাটা মেলে ধরাই আমাদের লক্ষ্য।’