


নয়াদিল্লি: রবার্ট ওয়াধেরার বিরুদ্ধে ইডির চার্জশিট পেশে ক্ষুব্ধ রাহুল গান্ধী। বিষয়টাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবেই দেখছেন কংগ্রেস সাংসদ তথা ওয়াধেরার শ্যালক রাহুল। শুক্রবার কেন্দ্রকে তোপ দেগে বিষয়টি নিয়ে টুইট করেন লোকসভার বিরোধী দলনেতা। লেখেন,‘১০ বছর ধরে রবার্টকে হেনস্তা করে চলেছে এই সরকার। ইডির চার্জশিট সেই ডাইনি খোঁজার অংশ।’ উল্লেখ্য, বৃহস্পতিবার জমি লেনদেন সংক্রান্ত মামলায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্ট ওয়াধেরার বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। অভিযোগ, হরিয়ানায় রবার্টের সংস্থা সাড়ে সাত কোটি টাকায় ৩.৫ একর জমি কিনেছিল। যা বিক্রি হয় ৫৮ কোটি টাকায়। ইডির দাবি, জমি কেনার জন্য ব্যবহৃত অর্থের উৎস সন্দেহজনক। বিজেপি রাহুলের এই অভিযোগ মানতে নারাজ। বিজেপি মুখপাত্র তুহিন সিনহার পাল্টা কটাক্ষ, রাহুল তার জামাইবাবুর সমস্ত কুকীর্তি সম্পর্কে অবগত। এবং নিজেও সম্ভবত সেই দুর্নীতির অংশ।