


লন্ডন: খারাপ সময় যেন কিছুতেই কাটছে না লিভারপুলের। টানা তিনটি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে গত ম্যাচে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জয়ের মুখ দেখে আর্নে স্লট-ব্রিগেড। তবে পরের ম্যাচেই ফের পয়েন্ট খোয়ালেন মো সালাহরা। বুধবার ঘরের মাঠে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল লিভারপুল। ৬৭ মিনিটে সান্ডারল্যান্ডকে এগিয়ে দেন কেমসডাইন তালবি। এরপর ৮১ মিনিটে নর্ডি মুকেইলের আত্মঘাতী গোলে হার বাঁচান আর্নে স্লটের ছেলেরা। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় অষ্টম স্থানে রইল লিভারপুল।
দিনের অপর ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারাল আর্সেনাল। সেই সুবাদে লিগ তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করল মিকেল আর্তেতার ছেলেরা। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে মিকেল মেরিনো ও বুকায়ো সাকা। এই জয়ের সুবাদে ১৪ ম্যাচে গানারদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। এদিকে, অ্যাওয়ে ম্যাচে লিডস ইউনাইটেডের কাছে ১-৩ গোলে হারল চেলসি। বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে জাকা বিজল, আও তানাকা ও ডোমিনিক কালভার্ট-লেউইন। চেলসির একমাত্র গোলটি পেড্রো নেতোর। এই হারের ফলে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রইল দ্য ব্লুজ।
এদিকে,লা লিগায় টানা তিনটি ড্রয়ের পর জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। বুধবার অ্যাথলেতিক ক্লাবকে ৩-০ গোলে হারাল তারা। দলের জয়ে নায়ক সেই কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার জোড়া লক্ষ্যভেদের পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল রিয়াল।