


নয়াদিল্লি: প্রতি বছর কোনো কারণ ছাড়াই ফি বাড়িয়ে চলেছে দেশের বেসরকারি স্কুলগুলি। এর জেরে অভিভাবকদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপছে। এই লাগামছাড়া ফি বৃদ্ধির প্রবণতা রুখতে পদক্ষেপ গ্রহণে কেন্দ্রের কাছে আরজি। সোমবার রাজ্যসভার জিরো আওয়ারে কংগ্রেস সাংসদ রজনী অশোকরাও পাতিল তাঁর আবেদনে বলেন, ‘শিক্ষা বিলাসিতা নয়, মৌলিক অধিকার। তবুও আজকের দিনে সন্তানদের ভালো স্কুলে পড়াতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন অভিভাবকরা। তাঁদের উপর আর্থিক বোঝা চাপানো হচ্ছে। টিউশন ফি ছাড়াও অতিরিক্ত অর্থ দিতে হয়। এভাবেই ধীরে ধীরে শিক্ষার বাণিজ্যিকীকরণ হয়ে চলেছে।’
ইতিমধ্যে স্কুলের ফি বৃদ্ধি রুখতে পদক্ষেপ নিয়েছে বিভিন্ন রাজ্য। যদিও সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে কোনোরকম সামঞ্জস্য লক্ষ্য করা যায় না বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে কেন্দ্রের কাছে ফি বৃদ্ধিতে লাগাম টানার আরজি জানালেন কংগ্রেস সাংসদ। তাঁর কথায়, ‘এখনই পদক্ষেপ না নিলে উচ্চ মানের শিক্ষার অধিকার হারাবে বহু শিশু। তা শুধু কয়েকজনের জন্য বিলাসিতা হয়ে থেকে যাবে।’