


নয়াদিল্লি: শেষমেশ ৪০তম দিনে সাময়িক যুদ্ধবিরতি। ভারতীয় সময় বুধবার ভোরে ইরানের সঙ্গে দু’সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সায় দিয়েছে ইজরায়েলও। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ভারত। বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, ‘এই যুদ্ধবিরতি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি আনবে বলে আশা। এই সংঘাতের জেরে ইতিমধ্যে অসংখ্য মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। গোটা বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। আশা করছি, এবার হরমুজ উন্মুক্ত হবে। বিশ্বব্যাপী বাণিজ্য আবার ছন্দে ফিরবে।’ যুদ্ধবিরতির প্রশংসা করেছে রাশিয়াও। মস্কোর বক্তব্য, মঙ্গলবারের হুমকি-পালটা হুমকির অস্থির অবস্থা কাটিয়ে শেষমেশ যুদ্ধবিরতির এই পদক্ষেপকে স্বাগত জানাই। ইরানের লোকালয় ও অর্থনৈতিক পরিকাঠামোগুলিতে আঘাত না হানার সিদ্ধান্তকেও সমর্থন জানাচ্ছি। আশা করছি, এবার ইউক্রেন নিয়েও শান্তি আলোচনায় সক্রিয় ভূমিকা নেবে আমেরিকা।