


নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: অবশেষে গ্রেপ্তার করা হল ছাত্রী ঈশিতা মল্লিক খুনের মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা বিএসএফ জওয়ান রাঘবেন্দ্র প্রতাপ সিংকে। রবিবার পুলিশ তাকে রাজস্থানের জয়সলমির থেকে গ্রেপ্তার করে। সেখানে বিএসএফ ব্যারাকে তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল। এদিন তাকে স্থানীয় আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগরে আনা হচ্ছে। আজ, সোমবার কৃষ্ণনগর এসে পৌঁছনোর কথা রয়েছে।
আইনি জটিলতার কারণে তাকে নিজেদের হেফাজতে নিতে পারছিল না পুলিশ। সপ্তাহখানেক আগেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল। তারপর থেকে রাঘবেন্দ্র নজরবন্দি অবস্থাতেই ছিলেন। রবিবার অবশেষে বিএসএফের তরফ থেকে গ্রিন সিগন্যাল মেলায় তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। পুলিস জানিয়েছে, ঈশিতাকে খুনের পর ছেলেকে বাঁচানোর জন্য সব রকম সহযোগিতা করেছিল রাঘবেন্দ্রপ্রতাপ।