


রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ নিয়ে আত্মবিশ্বাসী পরিচালক নীতেশ তিওয়ারি। তিনি মনে করেন, এই ছবির মাধ্যমে দর্শকদের ধর্মীয় অনুভূতিতে কোনোভাবেই আঘাত লাগবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছবিটি তৈরির সময় ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত সৃজনশীল পরিবর্তন করা হয়নি। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কাজ করছেন। নীতেশ বলেন, ‘ভারতে রামায়ণের ৩০০-রও বেশি সংস্করণ রয়েছে। তবে আমরা মূলত বাল্মীকি রচিত রামায়ণকেই অনুসরণ করেছি। একজন নির্মাতা হিসেবে কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত নয়, সে সম্পর্কে ওয়াকিবহাল থাকা অত্যন্ত জরুরি।’ পরিচালক আরও জানান, তিনি নিজেও রামায়ণের ভক্ত। তাই যদি তাঁর নিজের অনুভূতিতে আঘাত না লাগে এবং তিনি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন, তাহলে দর্শকও সেটি গ্রহণ করবেন।