


নয়াদিল্লি: চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) নজরকাড়া বৃদ্ধি হয়েছে বলে দাবি করল কেন্দ্রীয় সরকার। এই তিন মাসে প্রকৃত জিডিপি বৃদ্ধি হয়েছে ৮.২ শতাংশ হারে। ঠিক এক বছর আগে বৃদ্ধির হার ছিল ৫.৬ শতাংশ। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের (৭.৮) বৃদ্ধির হারকেও পিছনে ফেলে দিয়েছে দ্বিতীয় ত্রৈমাসিকের এই গতি। শুধু তাই নয়, বিগত ছ’টি ত্রৈমাসিকের মধ্যে এবারের বৃদ্ধির হার সর্বাধিক। আমেরিকার চাপানো মাত্রাতিরিক্ত শুল্কের কারণে ভারতের অর্থনীতির গতি শ্লথ হতে পারে বলে দাবি করা হয়েছিল অধিকাংশ পূর্বাভাসে। যদিও সেই চাপ সামলে দ্বিতীয় ত্রৈমাসিকে নজরকাড়া জিডিপি বৃদ্ধি হয়েছে বলে দাবি করা হল সরকারি তথ্যে। কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস (এনএসও) প্রকাশিত তথ্য বলছে, উৎপাদন, নির্মাণ ও পরিষেবা ক্ষেত্র চাঙ্গা হয়েছে। মূলত তার হাত ধরেই উল্লেখযোগ্য গতি সঞ্চার হয়েছে অর্থনীতির চাকায়। এর মধ্যে উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হার ৯.১ শতাংশ। তবে কৃষিক্ষেত্রের পারফরম্যান্স মোটেও আশাব্যঞ্জক নয়। বৃদ্ধির হার মাত্র ৩.৫ শতাংশ। বিদ্যুৎ, গ্যাস ও জল সরবরাহ ক্ষেত্রে বৃদ্ধির হার ৪.৪ শতাংশ।