


নিজস্ব প্রতিনিধি: অক্ষয় তৃতীয়ার শুভ দিনে অনেকেই সোনা কিনতে যাচ্ছেন। কিন্তু এখন সোনার আকাশছোঁয়া দাম। সেকারণে বেশিরভাগ মানুষকে সোনা না কিনে ফিরে আসতে হচ্ছে। কেউ কেউ রুপোর সামগ্রী কিনছেন। সোনার গয়নার প্রতি সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেওয়ায় গয়না বিক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অনেকেই বলাবলি করছেন, অক্ষয় তৃতীয়ায় ভিড় তো হচ্ছে, কিন্তু মানুষ সোনা কিনছে কই?
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া হিসেবে উদযাপিত হয়। মানুষের বিশ্বাস, এই দিনে কোনও কাজে হাত দিলে শুভ ফল পাওয়া যায়। এদিন মা লক্ষ্মীর আরাধনাও করা হয়। অক্ষয় তৃতীয়ায় সোনা বা রুপো কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে বলে অনেকে মনে করেন। অনেকে এই দিনে কোনও ধারালো জিনিস, প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের জিনিস, কালো কাপড় কিনতে মানা করেন। এখন সোনার দাম অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। ১০ গ্রাম সোনার দাম প্রায় একলক্ষ টাকা। আগে কখনও সোনার দাম এত বেশি ছিল না। তবে বিগত কয়েকদিনে সোনার দাম পাঁচহাজার টাকা কমেছে। অক্ষয় তৃতীয়ার কাছাকাছি সময়ে সোনার দাম কমা মানুষের জন্য সুখবর বলেই অনেকে মনে করছেন। কিন্তু বাজারে কেনাকাটা বাড়ানোর জন্য এটুকু যথেষ্ট নয়। সোনার দাম লাফিয়ে লাফিয়ে যেভাবে ছক্কা হাঁকাচ্ছে, তাতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা সোনা কেনার কথা ভাবতেই পারছেন না। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, সোনার অস্বাভাবিক দাম বৃদ্ধি হওয়ায় কেনাকাটায় বড় প্রভাব ফেলেছে। বিগত কয়েকবছর যেভাবে মানুষ এসময় সোনা কিনতেন, এবার তা হচ্ছে না। যার প্রধান কারণ, মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে সোনার দাম। সোনার বদলে বেশিরভাগ ক্রেতাই রুপো কিনছেন।