


মুম্বই: টি-২০ বিশ্বকাপ জয়ের আবহে আবারও শিরোনামে হার্দিক পান্ডিয়া। ১২ কোটি টাকায় কিনলেন সুপারকার ‘ফেরারি ১২ সিলিন্ড্রি’। এক ভিডিয়োতে কালো রংয়ের সেই গাড়ি চালাতেও দেখা গিয়েছে তারকা অলরাউন্ডারকে। পাশে বসেছিলেন বান্ধবী মাহিকা শর্মা।
বিলাসবহুল গাড়ির প্রতি হার্দিকের ভালোবাসা নতুন নয়। তাঁর গ্যারেজে রয়েছে রোলস রয়েস ফ্যান্টম, ল্যাম্বারগিনি হুরাকান ইভিও, ল্যাম্বারগিনি উরুস, রেঞ্জ রোভার ভগ, মার্সিডিস এজিএম জি৬৩, অডি এ৬-এর মতো সুপারকার। সেই তালিকায় নতুন সংযোজন ফেরারি ১২ সিলিন্ড্রি। সব মিলিয়ে তাঁর গাড়ির সংখ্যা দশ পেরিয়ে গিয়েছে। গাড়ির পাশাপাশি বিলাসবহুল ঘড়ির প্রতিও বিশেষ আকর্ষণ রয়েছে ৩২ বছর বয়সি ভারতীয় তারকা ক্রিকেটারের। সম্ভারে রয়েছে রিচার্ড মিল, পাটেক ফিলিপ, রোলেক্সের মতো ব্র্যান্ড। যার মধ্যে রিচার্ড মিলের আরএম ২৭-০৪ মডেলের ঘড়িটির দামই প্রায় ২০ কোটি টাকা। তাঁর শোকেসে থাকা এই ব্র্যান্ডের আর একটি ঘড়ির (আরএম ৩৫-০৩) দাম ৫ কোটি ৮৯ লক্ষ টাকা। আবার পাটেক ফিলিপ নটিলাস ৫৭১৯/১০জি ঘড়িটি কিনেছেন ৫ কোটি ৩০ লক্ষ টাকায়। হার্দিকের বিলাসবহুল ঘড়ির সংখ্যা অন্তত এক ডজন।